বিশ্বকাপ ফাইনালের উত্তেজনায় মেতে উঠেছে পুরো বিশ্ব। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচকে ঘিরে সমর্থন জানাচ্ছেন বিভিন্ন অঙ্গনের তারকারাও। এবার বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার পাশে দাঁড়িয়েছেন হলিউড অভিনেত্রী সিডনি সুইনি।
জনপ্রিয় টিভি সিরিজ ইউফোরিয়া–খ্যাত এই অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তাকে ফুটবল খেলতে দেখা যায়। ভিডিওটির মাধ্যমে তিনি স্পষ্টভাবে আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের কথা জানান।
পোস্টের ক্যাপশনে সিডনি সুইনি লেখেন, “এই সপ্তাহান্তে তোমাদের সমর্থন কার দিকে? আর্জেন্টিনা, যদি আমাকে প্রয়োজন হয় জানিও।” ক্যাপশনের সঙ্গে একটি চোখ টেপার ইমোজিও যোগ করেন তিনি, যা ছিল মজার ছলে আর্জেন্টিনাকে সাহায্যের ইঙ্গিত।
পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। আর্জেন্টিনার সমর্থকরা অভিনেত্রীর এই সমর্থনকে স্বাগত জানান এবং অনেকেই মন্তব্যে তাকে ধন্যবাদ জানান। অন্যদিকে স্পেনের কিছু সমর্থক বিষয়টি নিয়ে হতাশা ও মজার প্রতিক্রিয়াও জানিয়েছেন।
বিশ্বকাপ ফাইনালকে ঘিরে শুধু ফুটবলপ্রেমীরাই নন, বিশ্বের বিনোদন অঙ্গনের তারকারাও নিজেদের পছন্দের দলের প্রতি সমর্থন জানাচ্ছেন। এর আগে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বও আর্জেন্টিনা ও স্পেনের প্রতি শুভকামনা জানিয়েছেন।
এখন সব অপেক্ষা মাঠের লড়াইয়ে। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে নির্ধারিত হবে—২০২৬ সালের বিশ্বকাপ ট্রফি উঠবে লিওনেল মেসিদের হাতে, নাকি ১৬ বছর পর আবারও বিশ্বচ্যাম্পিয়ন হবে স্পেন।
Leave a Reply