1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন

আবারও কলকাতায় আসতে পারেন মেসি, সম্ভাব্য সফরসূচিতে থাকছে ঢাকাও

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৭ বার পঠিত

আবারও কলকাতায় আসতে পারেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। শুধু তাই নয়, সম্ভাব্য এই সফরে বাংলাদেশের রাজধানী ঢাকাও থাকতে পারে বলে জোর গুঞ্জন তৈরি হয়েছে।

ভারতের পরিচিত ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে এমন ইঙ্গিত দিয়েছেন। নিজের ফেসবুক পোস্টে তিনি একটি ‘গোট’ বা সর্বকালের সেরা খেলোয়াড়ের প্রতীক এবং আর্জেন্টিনার পতাকার ইমোজি ব্যবহার করেন। এরপর থেকেই মেসির সম্ভাব্য সফর নিয়ে আলোচনায় সরব হয়েছেন ফুটবলপ্রেমীরা।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপ শেষে ইন্টার মায়ামির সঙ্গে সমন্বয় করে সফরের পরিকল্পনা চূড়ান্ত হতে পারে। সেই সফরে ভারত ও বাংলাদেশের বিভিন্ন আয়োজনের সম্ভাবনাও রয়েছে।

এর আগে শতদ্রু দত্তের উদ্যোগেই দুইবার কলকাতা সফর করেছিলেন লিওনেল মেসি। তবে সর্বশেষ সফরে ভক্তদের সঙ্গে খুব বেশি সময় না কাটাতে পারায় নানা সমালোচনা তৈরি হয়েছিল। সেই আক্ষেপ দূর করতেই এবার আরও বড় পরিসরে সফরের পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১১ সালের মতো এবারও কলকাতায় একটি প্রীতি ম্যাচ খেলতে পারেন মেসি। যদিও সফরের নির্দিষ্ট দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। কারণ ইন্টার মায়ামির প্রাক-মৌসুম প্রস্তুতির সূচি এখনো নির্ধারণ করা হয়নি।

এদিকে শতদ্রু দত্ত ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে মেসির প্রতিনিধিদের সঙ্গে একাধিক দফা বৈঠক করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, দুই পক্ষের আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। ফলে খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

সবকিছু ঠিক থাকলে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ভারত সফরে আসবেন লিওনেল মেসি। আর সেই সফরের অংশ হিসেবে ঢাকায়ও দেখা যেতে পারে বিশ্ব ফুটবলের এই মহাতারকাকে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost