চলতি ফুটবল বিশ্বকাপে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের বিদায়ের পর নতুন করে আলোচনায় এসেছে—কোন দলের হাতে উঠবে বিশ্বকাপের সোনালি ট্রফি। মার্কিন দল বেলজিয়ামের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর এবার প্রকাশ্যে ইংল্যান্ডকে সমর্থন দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
ট্রাম্প প্রশাসনের বিশ্বকাপবিষয়ক বিশেষ প্রতিনিধি অ্যান্ড্রু জুলিয়ানি এক সাক্ষাৎকারে জানান, যুক্তরাষ্ট্র বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর এখন তাদের সমর্থন থাকছে ইংল্যান্ডের প্রতি। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা উদযাপনের বছরে স্বাগতিক দল শিরোপা জিততে না পারলেও, আমেরিকার মাটিতে ইংল্যান্ডের বিশ্বচ্যাম্পিয়ন হওয়া হবে একটি স্মরণীয় অধ্যায়।
অ্যান্ড্রু জুলিয়ানি বলেন, দীর্ঘ প্রায় ৬০ বছরের শিরোপা খরা কাটিয়ে যদি ইংল্যান্ড এবার বিশ্বকাপ জিততে পারে, তাহলে সেটি হবে ফুটবল ইতিহাসের অন্যতম বড় গল্প। তিনি বিশ্বাস করেন, টুর্নামেন্টে টিকে থাকা দলগুলোর মধ্যে ইংল্যান্ডের ফাইনালে ওঠা এবং শিরোপা জয়ের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
এদিকে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের ব্যক্তিগত সম্পর্কও নতুন করে আলোচনায় এসেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প হ্যারি কেইনকে একজন “দারুণ খেলোয়াড়” এবং “চমৎকার মানুষ” বলে প্রশংসা করেন।
জুলিয়ানি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প নিয়মিত হ্যারি কেইনের পারফরম্যান্স অনুসরণ করেন। তার মতে, ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের পথে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারেন অধিনায়ক হ্যারি কেইন এবং মিডফিল্ড তারকা জুড বেলিংহাম। পাশাপাশি দলের ভারসাম্যপূর্ণ গঠনও ইংলিশদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।
অন্যদিকে, হ্যারি কেইন নিজেও ট্রাম্পের সঙ্গে কাটানো একটি স্মরণীয় মুহূর্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, ২০২৪ সালের শেষ দিকে ফ্লোরিডার পাম বিচে ট্রাম্পের আমন্ত্রণে তার সঙ্গে গলফ খেলেছিলেন। সেই অভিজ্ঞতাকে জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে উল্লেখ করেন ইংল্যান্ড অধিনায়ক।
কেইন আরও বলেন, একজন মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে এমন আমন্ত্রণ পাওয়া ছিল বিশেষ সম্মানের। ট্রাম্পের গলফ খেলার প্রশংসা করে তিনি রসিকতা করে বলেন, ট্রাম্পের বয়সে পৌঁছেও যদি তার মতো ভালো গলফ খেলতে পারেন, সেটাই হবে বড় অর্জন।
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সময়ে হোয়াইট হাউসের এই প্রকাশ্য সমর্থন ইংল্যান্ড শিবিরে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
Leave a Reply