ভারতে নিট পরীক্ষার কথিত প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলমান আন্দোলন নতুন মোড় নিয়েছে। আন্দোলনের নেতৃত্বাধীন ‘ককরোচ মুভমেন্ট’ দাবি করেছে, তাদের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে পুলিশ আটক করেছে।
এদিকে আন্দোলনের দুই নেতা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডার সঙ্গে বৈঠক করে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। বৈঠক শেষে মুখপাত্র সৌরভ দাস জানান, লিখিত আবেদন গ্রহণ করে বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।
এদিকে ‘চলো সংসদে’ কর্মসূচিকে ঘিরে সোমবার দিল্লির জন্তর মন্তরে জড়ো হন হাজারো আন্দোলনকারী। পরে সংসদমুখী মিছিলের চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে দিল্লি পুলিশের সংঘর্ষ হয়। নিরাপত্তার অজুহাতে রাজীব চক, জনপথ, প্যাটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট ও সেবা তীর্থসহ পাঁচটি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
এর আগে অনশনরত শিক্ষাবিদ ও কর্মী সোনম ওয়াংচুককে হাসপাতালে নেওয়া হলেও সেখান থেকেও তিনি অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। হাসপাতাল থেকে প্রকাশিত এক হাতে লেখা বার্তায় তিনি অভিযোগ করেন, তাকে অবৈধভাবে আটক করা হয়েছে এবং আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
চলতি বছরের মে মাসে নিট পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের প্রতিবাদে অনলাইন ব্যঙ্গাত্মক উদ্যোগ হিসেবে শুরু হয় ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপির আন্দোলন। অল্প সময়েই এটি দেশজুড়ে আলোচনায় আসে এবং বর্তমানে দিল্লির জন্তর মন্তরে টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে আন্দোলনকারীরা।
Leave a Reply