বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের বাগবাড়ী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সংরক্ষিত নারী ইউপি সদস্য মোছা. হাওয়া বেগমের চারটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ( ২০ জুলাই ) দুপুরে এ ঘটনাটি ঘটে।
ক্ষতিগ্রস্ত হাওয়া বেগম জানান, আগুনে তাঁর চারটি বসতঘরের পাশাপাশি আসবাবপত্র, নগদ অর্থ, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নিত্যপ্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। এতে আনুমানিক ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে চারটি বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাবতলী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটি দ্রুত সরকারি ও মানবিক সহায়তার আবেদন জানিয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।
Leave a Reply