জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিও বার্তায় ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে মেয়েদের উদ্দেশে গুরুত্বপূর্ণ একটি পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, কোনো অবস্থাতেই যেন কোনো বিবাহিত পুরুষের প্রেমে না জড়ান।
শনিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে প্রভা বলেন, অনেক বিবাহিত পুরুষ নিজেদের সংসারের নানা সমস্যার কথা বলে নতুন সম্পর্কে জড়ানোর চেষ্টা করেন। তবে এসব কথায় বিশ্বাস না করার আহ্বান জানান তিনি।
প্রভার ভাষায়, অনেকেই বলেন—স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো নয়, শুধু সমাজ বা সন্তানের কথা ভেবে সংসার টিকিয়ে রেখেছেন। কিন্তু এসব কথার ধরণ প্রায় একই রকম। তাই এমন পরিস্থিতিতে আবেগে সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেন এই অভিনেত্রী।
ভিডিওতে তিনি আরও জানান, কিছুদিন আগে তিনিও এমন একটি পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। তখন তিনি ওই ব্যক্তিকে স্পষ্টভাবে জানিয়ে দেন, যদি সত্যিই সংসারে সমস্যা থাকে এবং বিচ্ছেদের প্রক্রিয়া চলমান থাকে, তাহলে আগে সেটি সম্পন্ন করতে হবে। এরপরই ভবিষ্যৎ নিয়ে ভাবা যেতে পারে।
প্রভা বলেন, তার এমন অবস্থানের কারণে ওই ব্যক্তি তাকে ‘সাইকো’ বলেও মন্তব্য করেছেন। তবে এতে তিনি কোনো আফসোস করেন না। বরং তিনি মনে করেন, এমন সম্পর্কে না জড়ানোই ছিল সঠিক সিদ্ধান্ত।
অভিনেত্রীর মতে, সংসারে অশান্তির অজুহাত দেখিয়ে অনেকেই নতুন সম্পর্ক গড়ার চেষ্টা করেন। তাই শুধু প্রেম নয়, এমন পরিস্থিতিতে বন্ধুত্ব করতেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রভার বক্তব্যকে বাস্তব অভিজ্ঞতা থেকে দেওয়া সচেতনতামূলক পরামর্শ হিসেবে দেখছেন। আবার কেউ কেউ বিষয়টি নিয়ে ভিন্নমতও প্রকাশ করেছেন।
ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেওয়া এই বার্তার মাধ্যমে সম্পর্কের ক্ষেত্রে সচেতন সিদ্ধান্ত নেওয়ার আহ্বানই জানিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
Leave a Reply