ইতালির রাজধানী রোমে নিজ বাসায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নারী ও শিশুসহ একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের আরেক সদস্য। নিহতদের গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়। মর্মান্তিক এ ঘটনায় ইতালি ও বাংলাদেশ—দুই জায়গাতেই শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সময় শুক্রবার রাতে রোমের পাশ্ববর্তী ক্যাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের বাসিন্দা কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং তাদের পাঁচ বছর বয়সী কন্যা আরোয়া ইসলাম আরিশা। হামলায় আহত হয়েছেন তাদের ২০ বছর বয়সী ছেলে আমির হোসেন অয়ন। তাকে উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইতালিপ্রবাসীদের বরাত দিয়ে নিহত বাবুলের ভাতিজা আফনান হোসেন নাইম জানান, স্থানীয় সময় রাত প্রায় আটটার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাবুলের ফ্ল্যাটে প্রবেশ করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে বাবুল, তার স্ত্রী ও ছোট মেয়ের ওপর এলোপাতাড়ি হামলা চালায়।
ঘটনার সময় ছেলে আমির হোসেন অয়ন বাসার বাইরে ছিলেন। পরে বাসায় ফিরে ভেতরে প্রবেশের চেষ্টা করলে হামলাকারীদের মুখোমুখি হন। পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকেও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।
অয়নের চিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তবে এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং পাঁচ বছর বয়সী কন্যা আরিশাকে মৃত ঘোষণা করেন। আহত অয়ন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিহতদের গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার রহস্য উদঘাটন এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু করেছে।
Leave a Reply