মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২১ জুন) সকালে দেশটির আল শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন ভারতীয় নাগরিকও প্রাণ হারান।
নিহত পাঁচ বাংলাদেশি সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তারা হলেন— জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মোস্তাক আহমদ, জুবায়ের আহমদ এবং কাদের আহমদ।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ মরদেহ উদ্ধার করে কাতারের একটি হাসপাতালের মর্গে রাখে। বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক জানিয়েছেন, দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে স্বজনরা শেষবারের মতো দেখতে পারেন এবং ধর্মীয় রীতি অনুযায়ী দাফন সম্পন্ন করা যায়।
এদিকে এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
তিনি বলেন, রেমিট্যান্স যোদ্ধাদের এই আকস্মিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। সরকার নিহতদের পরিবারকে সহযোগিতা এবং মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
স্থানীয়ভাবে কানাইঘাট এলাকায় নিহতদের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন ও এলাকাবাসীর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
Leave a Reply