ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদে ভূষিত করা হয়েছে। সোমবার কাঠমান্ডুর শীতল নিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাকে এ সম্মাননা দেন।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে রোববার নেপালে পৌঁছান জেনারেল শেঠ। সফরের শুরুতেই দুই দেশের সেনাবাহিনীর পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।
ভারত ও নেপালের সেনাপ্রধানদের একে অপরের দেশের সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদ দেওয়ার ঐতিহ্য ১৯৫০ সাল থেকে চলে আসছে। দুই দেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্কের অন্যতম প্রতীক হিসেবে এই প্রথাকে দেখা হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে নেপালের ভাইস প্রেসিডেন্ট রাম সহায় প্রসাদ যাদব, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবসহ দুই দেশের সামরিক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সফরকালে জেনারেল শেঠ নেপালের সেনাপ্রধান জেনারেল সিগদেলের সঙ্গে বৈঠক করেন। সেখানে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সামরিক সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়।
এদিকে সোমবার নেপাল সেনাবাহিনীর কাছে সামরিক ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন জেনারেল শেঠ। পরে নেপাল সেনা সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং গার্ড অব অনার পরিদর্শন করেন।
ভারতীয় দূতাবাসের ভাষ্য, এই সফর দুই দেশের পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্ককে আরও জোরদার করবে। নেপাল সেনাবাহিনীও আশা করছে, সফরটি দুই দেশের সামরিক সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
Leave a Reply