1. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

আজ শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৫ বার পঠিত

বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্যে আজ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপল-এ এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় তখন সকাল সাড়ে ৮টা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, সফরের শেষ দিনে এই শীর্ষ বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে দুই দেশের কৌশলগত সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন এবং উন্নয়ন অংশীদারত্ব আরও শক্তিশালী করার বিষয় গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

মুখপাত্র বলেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। শুধু রাষ্ট্রীয় পর্যায়েই নয়, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহযোগিতা এবং জলসম্পদ ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এ ছাড়া বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই হয়েছে, যা দুই দেশের ভবিষ্যৎ সহযোগিতার নতুন ভিত্তি তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চার দিনের সরকারি সফরে চীনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের অংশ হিসেবে তিনি এর আগে দালিয়ানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনেও অংশ নেন।

আজকের বৈঠক শেষে বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরে তাঁর সঙ্গে রয়েছেন ২৪ সদস্যের একটি প্রতিনিধিদল।

বাংলাদেশ-চীনের সম্পর্কের নতুন অধ্যায় রচনায় আজকের শীর্ষ বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost