বর্তমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দলটির রাজনৈতিক মৃত্যু হয়েছে এবং শিগগিরই রাজনৈতিক দল হিসেবেও তাদের বিচার শুরু হবে।
শনিবার, ৪ জুলাই, রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সম্মেলনে’ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে এবং তাদের ‘দাফন হয়েছে দিল্লিতে’। তার ভাষায়, দলটি আর বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাবে না। তিনি আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে খুব শিগগিরই আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে সালাহউদ্দিন আহমদ বলেন, সেই সময়ে তারেক রহমানের সঙ্গে নিয়মিত আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে নির্ঘুম রাত কাটিয়ে দলকে সংগঠিত করা হয়েছিল। অরাজনৈতিক পরিচয়ে পরিচালিত সেই আন্দোলনের সফল পরিসমাপ্তি ঘটানো সম্ভব হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, আগামী দিনের বাংলাদেশ গঠনে জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে।
এ সময় আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের বিরুদ্ধে বিদেশে বসে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
জুলাই আন্দোলনের চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ যেন জুলাইয়ের চেতনাকে ব্যক্তিস্বার্থে ব্যবহার না করেন। যারা এমনটি করবে, তাদের পরিণতিও দেশের মানুষ দেখবে বলে মন্তব্য করেন তিনি।
‘জুলাই ২৪ শহীদ পরিবার’ ও ‘আমরা জুলাইযোদ্ধা’ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে আহত জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এছাড়াও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বক্তব্য দেন।
Leave a Reply