সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শরীফ ওসমান হাদি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনদের প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে ভারত।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারত পারস্পরিক স্বার্থ ও পারস্পরিকতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও অগ্রগামী সম্পর্ক এগিয়ে নিতে চায়।
মঙ্গলবার সাংবাদিকদের তিনি জানান, শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণের বিষয়টি নিয়ম অনুযায়ী যাচাই করা হচ্ছে।
গত ৫ আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলন নিয়েও ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন রণধীর জয়সওয়াল। এর আগে ভারত জানিয়েছিল, ওই আয়োজনটি ছিল বেসরকারি এবং এর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও এখনো নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে তার কাছে কোনো আপডেট নেই।
এর আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে কয়েক সপ্তাহ ধরে যোগাযোগ চলছে। তবে সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি প্রয়োজন বলে জানিয়েছিল ঢাকা।
বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাসহ পলাতক আসামিদের প্রত্যর্পণের পাশাপাশি শরীফ ওসমান হাদি হত্যা মামলার অভিযুক্তদেরও ফেরত দেওয়ার জন্য ভারতকে অনুরোধ করা হয়েছে।
দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন, সীমান্ত নিরাপত্তা, জ্বালানি সরবরাহ, ভিসা ও বাণিজ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
Leave a Reply