1. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় কর্মসংস্থানের নতুন দুয়ার খুলতে পারে তারেক রহমানের বৈঠক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৬ বার পঠিত

মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী দাতো’ সেরি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুল প্রত্যাশিত দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম বিদেশ সফর হওয়ায় সফরটি দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করছে।

সোমবার সকালে পুত্রজায়ার পারদানা পুত্রা কমপ্লেক্সে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক রাষ্ট্রীয় অভ্যর্থনা জানানো হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তাঁর সহধর্মিণী দাতো’ সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল তাকে স্বাগত জানান। পরে গার্ড অব অনার পরিদর্শন শেষে দুই দেশের সরকারপ্রধান একান্ত বৈঠক ও দ্বিপাক্ষিক আলোচনায় বসেন।

সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার বিদ্যমান সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার বিষয়ে আলোচনা চলছে। বিশেষ করে শ্রমবাজার, বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, জ্বালানি এবং শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় মালয়েশিয়ার শ্রমবাজার। দীর্ঘদিনের জটিলতার কারণে সেখানে অবস্থানরত অনেক বাংলাদেশি কর্মীর অনিয়মিত অবস্থা, তাদের বৈধতা প্রদান, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং নতুন করে কর্মী নিয়োগ প্রক্রিয়া সহজ করার বিষয়ে দুই পক্ষ আলোচনা করছে। এ বিষয়ে অগ্রগতি হলে মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার আরও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা তৈরি হবে।

এছাড়া বাণিজ্য ও বিনিয়োগ খাতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশের হালাল পণ্যের রপ্তানি সম্প্রসারণ, সেমিকন্ডাক্টর শিল্পে প্রযুক্তিগত সহযোগিতা এবং জ্বালানি খাতে যৌথ উদ্যোগের বিষয়েও আলোচনা চলছে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এ সহযোগিতা বাংলাদেশের রপ্তানি ও শিল্প খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

বৈঠকে আরও আলোচনা হচ্ছে সাংস্কৃতিক সহযোগিতা, সন্ত্রাসবাদ দমন, গবেষণা ও বিনিয়োগ প্রসারসহ বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে। এসব চুক্তি দুই দেশের সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক ও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশের প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদি আমিন।

অন্যদিকে মালয়েশিয়ার প্রতিনিধি দলে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দাতো’ সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল, পররাষ্ট্রমন্ত্রী দাতো’ সেরি মোহাম্মদ হাসান, মানবসম্পদমন্ত্রী দাতো’ সেরি আর. রামানান, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব দাতো’ শাহরোল আনুয়ার বিন সারমান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব তান শ্রী আমরান মোহাম্মদ জিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost