সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির জন্য আবেদন করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
চিফ প্রসিকিউটর স্বাক্ষরিত চিঠিতে ইন্টারপোলের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী আজিজ আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে অগ্রগতি জানাতে এবং প্রয়োজন হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনকে অবহিত করতে বলা হয়েছে।
চিঠিটি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এবং পুলিশের ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর অতিরিক্ত আইজির কাছে পাঠানো হয়েছে।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান এবং পরদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলির ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় আজিজ আহমেদের বিরুদ্ধে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বরের ঘটনায় করা মামলায় এই প্রথম কোনো পলাতক আসামিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হলো। তাদের তথ্য অনুযায়ী, আজিজ আহমেদ মধ্যপ্রাচ্য অথবা অন্য কোনো দেশে অবস্থান করছেন।
তিনি বলেন, ইন্টারপোলের সহযোগিতায় তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা চলছে। পর্যায়ক্রমে দেশের বাইরে অবস্থানরত অন্য পলাতক আসামিদেরও দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
এর আগে গত ২৭ জুলাই শাপলা চত্বরের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
মামলায় সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা এবং কয়েকজন সাংবাদিকসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
এখন আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদনের পরবর্তী কার্যক্রম এবং তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া কোন দিকে যায়, সেদিকেই নজর সংশ্লিষ্টদের।
Leave a Reply