রাজধানী ঢাকার যানজট কমানো এবং বাস ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে বড় সিদ্ধান্তের কথা জানিয়েছে সরকার। আগামী দুই বছরের মধ্যে গাবতলী বাস টার্মিনাল হেমায়েতপুরে এবং সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বা বিএসআরএফের সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, বর্তমান বাস টার্মিনালগুলোতে যাত্রীসেবার মান সন্তোষজনক নয়। সেখানে পর্যাপ্ত সুযোগ-সুবিধা, পরিচ্ছন্ন পরিবেশ কিংবা আধুনিক অবকাঠামো নেই। তাই ধাপে ধাপে রাজধানীর বড় বাসস্ট্যান্ডগুলো শহরের বাইরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি জানান, আগামী চার থেকে ছয় মাসের মধ্যেই বিদ্যমান টার্মিনালগুলোতে কিছু উন্নয়ন কাজ শুরু হবে। তবে পূর্ণাঙ্গ স্থানান্তরের জন্য সময় লাগবে প্রায় দুই বছর।
সড়কমন্ত্রী আরও বলেন, বর্তমানে অনেক উন্নতমানের বাস রাজধানীর বিভিন্ন এলাকাকে অস্থায়ী স্ট্যান্ড হিসেবে ব্যবহার করছে। কলাবাগানসহ বিভিন্ন স্থান থেকে যাত্রী ওঠানামা করানো হচ্ছে। ভবিষ্যতে এই ব্যবস্থা আর চলবে না। সব বাসকে নির্ধারিত টার্মিনাল থেকেই যাত্রী পরিবহন করতে হবে।
তিনি উল্লেখ করেন, উন্নতমানের এসি বাসগুলোর নিজস্ব অফিস ও কাউন্টারে ভালো পরিবেশ, পরিচ্ছন্ন টয়লেট এবং আধুনিক সেবা থাকলেও সাধারণ বাসস্ট্যান্ডগুলোতে এখনো সেই মান নিশ্চিত করা যায়নি। নতুন পরিকল্পনার মাধ্যমে যাত্রীদের জন্য আরও নিরাপদ ও আরামদায়ক পরিবহন ব্যবস্থা গড়ে তোলা হবে।
সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর ভেতরে দূরপাল্লার বাসের চাপ কমবে, যানজট হ্রাস পাবে এবং বাস ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply