1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
ছাত্রদলে নতুন নেতৃত্বের আভাস, বিদায়ী সাক্ষাতে শীর্ষ পাঁচ নেতা - Channel G Bangla
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

ছাত্রদলে নতুন নেতৃত্বের আভাস, বিদায়ী সাক্ষাতে শীর্ষ পাঁচ নেতা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৬৩ বার পঠিত

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্ব আসার জোরালো আভাস পাওয়া যাচ্ছে। যেকোনো সময় ঘোষণা হতে পারে সংগঠনটির নতুন কেন্দ্রীয় কমিটি। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতা।

এই সাক্ষাতের পর ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। সেখানে তিনি ছাত্ররাজনীতির দীর্ঘ পথচলার একটি অধ্যায় শেষ হওয়ার ইঙ্গিত দিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব, সহযোদ্ধা এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাকিব তাঁর পোস্টে জানান, অনেক সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে। দায়িত্ব পালনের সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং সদ্য পদত্যাগ করা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতাদের দিকনির্দেশনা ও সহযোগিতার কথাও স্মরণ করেন তিনি।

নিজেদের মেয়াদে রাকিব-নাছির নেতৃত্বাধীন কমিটির বিভিন্ন কর্মকাণ্ডের কথাও তুলে ধরেছেন ছাত্রদলের সভাপতি। তাঁর দাবি, জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে রাজপথে ভূমিকা পালন, পরবর্তী সময়ে বিভিন্ন ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলা এবং বড় ধরনের বিতর্কে না জড়িয়ে সংগঠন পরিচালনা ছিল তাদের অন্যতম অর্জন।

একই সঙ্গে দায়িত্ব পালনের সময় কোনো অনিচ্ছাকৃত ভুলত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা চেয়েছেন রাকিব। নিজের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তিনি।

আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—আগামী দিনে ছাত্রদলের নেতৃত্ব যার হাতেই আসুক, নতুন কমিটিকে সবাই যেন সাদরে গ্রহণ করেন, এমন প্রত্যাশাও জানিয়েছেন বিদায়ী এই ছাত্রনেতা।

এদিকে নতুন কমিটির শীর্ষ পদে বেশ কয়েকজন নেতার নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, সহসভাপতি মঞ্জরুল আলম রিয়াদ, খোরশেদ আলম সোহেল, তৌহিদুর রহমান আউয়াল, কাজী জিয়া উদ্দিন বাসিত এবং ইজ্জাজুল কবির রুয়েল।

এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, রাজু আহমেদ, ফারুক হোসেন ও মোস্তাফিজুর রহমানের নামও আলোচনায় রয়েছে। যুগ্ম সম্পাদক পদমর্যাদায় প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং ঢাকা কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ইশরাকের নামও আলোচনায় আছে।

নতুন কমিটি ঘোষণা হলে রাকিবুল ইসলাম রাকিব ও নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বাধীন বর্তমান কমিটির আনুষ্ঠানিক অধ্যায় শেষ হবে। একই সঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে নতুন প্রজন্মের হাতে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়াও শুরু হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কেন্দ্রীয় আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। পরে একই বছরের ১৫ জুন ২৬০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

ছাত্রদলের খসড়া গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় সংসদের মেয়াদ দুই বছর। সে হিসেবে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে।

এখন নতুন কমিটি নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে অপেক্ষা ও আগ্রহ বাড়ছে। শেষ পর্যন্ত কারা সংগঠনের শীর্ষ নেতৃত্বে আসছেন, সেই সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost