গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বর্তমান সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির আহ্বায়ক এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শুক্রবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী শহিদ ফারুক সড়কে এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত গণসমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।
নাহিদ ইসলাম বলেন, দেশের পরিবর্তন ও সংস্কারের লক্ষ্যেই জাতীয় নাগরিক পার্টি গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছিল এবং পরবর্তীতে নির্বাচনে অংশ নেয়। জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
তার ভাষায়, ‘হ্যাঁ’ ভোট দিলে দেশে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন হবে—এমন প্রত্যাশা থেকেই জনগণের কাছে ভোট চাওয়া হয়েছিল।
তবে বর্তমান সরকারের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তিনি বর্তমান সরকারকে ‘প্রতারক’ ও ‘বিশ্বাসঘাতক সরকার’ হিসেবেও আখ্যায়িত করেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, জনগণ, জুলাই গণ-অভ্যুত্থান এবং সেই আন্দোলনে নিহতদের সঙ্গে প্রতারণা করেই সরকার ক্ষমতায় এসেছে।
সমাবেশে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। তার অভিযোগ, গ্যাস ও বিদ্যুতের সংকটে কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে চাঁদাবাজির কারণে ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে ব্যবসা করতে পারছেন না বলেও অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, এসব পরিস্থিতির পরিবর্তন করতে না পারলে সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় বসানো হয়েছে দুর্নীতি ও লুটপাট করার জন্য নয়। জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে।
এ সময় বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তার দাবি, মাত্র পাঁচ মাসের মধ্যে দেশে লোডশেডিংয়ের বিভিন্ন রেকর্ড ভেঙেছে।
নাহিদ ইসলাম বলেন, দেশের মানুষ অতীতের বিদ্যুৎ পরিস্থিতির কথাও জানে এবং বর্তমান পরিস্থিতির সঙ্গে তার তুলনা করা প্রয়োজন।
সবশেষে গণভোটের গণরায় বাস্তবায়ন, দেশের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি এবং দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি জানান তিনি।
গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে না দেওয়ার যে হুঁশিয়ারি নাহিদ ইসলাম দিয়েছেন, তা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
Leave a Reply