1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

ইমরান খানের মুক্তির দাবিতে এবার সোচ্চার জাভেদ মিয়াঁদাদ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৭ বার পঠিত

কারাবন্দী সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ও নিজের দীর্ঘদিনের সতীর্থ ইমরান খানের মুক্তির দাবিতে সোচ্চার হয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ।

১৯৯২ বিশ্বকাপজয়ী মিয়াঁদাদ ইমরান খানকে একজন সৎ মানুষ হিসেবে উল্লেখ করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান এবং তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

পাকিস্তানের সাংবাদিকদের প্ল্যাটফর্ম ‘ন্যারেটিভস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মিয়াঁদাদ বলেন, ইমরানকে তিনি খুব ভালোভাবে চেনেন। তারা একসঙ্গে পাকিস্তানের হয়ে ৭৮টি টেস্ট খেলেছেন এবং ইংল্যান্ডে প্রায় ছয় মাস একসঙ্গে কাউন্টি ক্রিকেটও খেলেছেন।

মিয়াঁদাদ বলেন, ‘আমরা অনেক সময় একসঙ্গে কাটিয়েছি এবং একসঙ্গে খেলেছি। আমি ইমরানকে খুব ভালোভাবে চিনি। সে একজন সৎ মানুষ।’

ইমরানকে নিয়ে চলমান পরিস্থিতি দ্রুত আলোচনার মাধ্যমে শেষ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা সবাই পাকিস্তানি। একসঙ্গে বসে বিষয়টি সমাধান করা উচিত। সমস্যা যা-ই হোক, পাকিস্তানের এখন সেটিই প্রয়োজন।’

অতীতে ইমরানের রাজনৈতিক নেতৃত্ব এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের পরিচালনা নিয়ে মিয়াঁদাদ সমালোচনা করলেও এবার তিনি বলেন, মতপার্থক্য থাকতেই পারে, তবে পাকিস্তানের জন্য ইমরানের অবদান ভুলে যাওয়া উচিত নয়।

আবেগাপ্লুত হয়ে মিয়াঁদাদ আরও বলেন, ‘আমার প্রার্থনা হলো, যা সঠিক, তা যেন প্রতিষ্ঠিত হয়। আমি যদি কিছু করতে পারি, অবশ্যই করব।’

ইমরানের কিছু হলে পাকিস্তানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘আল্লাহ না করুন, তার কিছু হলে কী ঘটবে দেশে, তা কি কল্পনা করতে পারেন? পুরো পাকিস্তান কাঁদবে।’

১৯৯২ বিশ্বকাপে ইমরান খানের নেতৃত্বে প্রথম ও এখন পর্যন্ত একমাত্র ওয়ানডে বিশ্বকাপ জেতে পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে ইমরান ও মিয়াঁদাদ তৃতীয় উইকেটে ১৩৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েছিলেন।

ইমরান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। ক্ষমতা থেকে অপসারিত হওয়ার পর দুর্নীতি ও অন্যান্য মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তিনি কারাগারে রয়েছেন। তবে ইমরান এসব অভিযোগ অস্বীকার করে মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost