নওগাঁর সাপাহার সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ৯ জন দুই দেশের সীমান্তবর্তী শূন্যরেখায় অবস্থান করছেন।
বুধবার ভোর ৪টার দিকে উপজেলার আদাতলা সীমান্তের ২৪৪/এমপি সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে। নওগাঁ ব্যাটালিয়ন-১৬ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ৯ জনকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে আদাতলা বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
বিজিবি সদস্যরা ওই ব্যক্তিদের শনাক্ত করার পর বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা দেয়। ফলে তারা সীমান্ত অতিক্রম করতে পারেনি। বর্তমানে ওই ৯ জন ভারতীয় সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে বলে জানিয়েছে বিজিবি।
জানা গেছে, পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে। তাদের পরিচয় ও নাগরিকত্ব যাচাইয়ের বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে ঘটনার পর পুরো সীমান্ত এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে। নওগাঁ ব্যাটালিয়ন-১৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল ইসলাম মাসুম জানিয়েছেন, সীমান্তে অতিরিক্ত টহল মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি বলেন, “অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় পুশইনের একাধিক ঘটনার মধ্যে সাপাহারের এই ঘটনাটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Leave a Reply