চীনের দালিয়ান সফর শেষে এবার বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বুধবার চীনের স্থানীয় সময় দুপুর ২টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান শহর থেকে হাই-স্পিড বা বুলেট ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।
এর আগে দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের গুরুত্বপূর্ণ প্ল্যানারি সেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন তিনি।
চীনের স্থানীয় সময় সকাল ৯টায় দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিস্তৃত পরিসরে উদ্ভাবন’ শীর্ষক প্ল্যানারি সেশন শুরু হয়। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা।
এই সেশনে বাংলাদেশের পাশাপাশি অংশ নেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী উছরাল নিয়াম-ওসর, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এবং গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ।
সেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের সরকারপ্রধান ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এসব আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
এছাড়া সম্মেলনের বিরতিতে অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে একটি ফটোসেশনেও অংশ নেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, গত ২২ জুন চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিভিন্ন কার্যক্রমে অংশ নেন এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
বিশ্লেষকদের মতে, এই সফর বাংলাদেশ-চীন সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক অর্থনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
Leave a Reply