1. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

গুম-খুনের বিচার করুন, না হয় যাওয়ার রাস্তা খুঁজুন: সরকারকে শফিকুর রহমান

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৯ বার পঠিত

আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বিএনপি নেতৃত্বাধীন সরকারের উদ্দেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিচার নিশ্চিত করতে না পারলে সরকারকে যাওয়ার পথ খুঁজে নিতে হবে।

মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে ১১ দলীয় জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, দীর্ঘ সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ছাত্র, শ্রমিক, যুবক ও সাধারণ মানুষের আন্দোলনের মাধ্যমে দেশ নতুন পরিস্থিতিতে প্রবেশ করেছে। কিন্তু যে দল একসময় নির্যাতিত ছিল এবং বিচার দাবি করেছিল, ক্ষমতায় এসে তাদের অবস্থান বদলে গেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল আওয়ামী লীগ আমলের সব গুম, খুন ও নির্যাতনের বিচার করবে। কিন্তু চার মাস পেরিয়ে গেলেও সেই বিচার দৃশ্যমান হয়নি। বরং তার দাবি, এই সময়ের মধ্যে ৬০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

জামায়াত আমির আরও অভিযোগ করেন, সরকার ফ্যাসিবাদ থেকে মুক্তির কথা বললেও বাস্তবে একই ধরনের শাসনব্যবস্থার দিকে এগোচ্ছে। বাংলাদেশ ব্যাংক, ব্যাংকিং খাত, বিশ্ববিদ্যালয়, কলেজ এবং প্রশাসনে দলীয়করণের অভিযোগ তুলে তিনি বলেন, এসব কর্মকাণ্ড গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক।

সংসদে বিরোধী দলের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, জাতীয় স্বার্থে যতদিন প্রয়োজন ততদিন সংসদে থাকবে জামায়াত। তবে জনগণের কথা বলার সুযোগ না থাকলে সংসদে থাকারও প্রয়োজন থাকবে না।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, কোনো শক্তিই বাংলাদেশের স্বাধীনতা নিয়ে টানাটানি করতে পারবে না। জনগণ সবসময় দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকবে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। অন্যথায় জনগণ নতুন রাজনৈতিক পরিবর্তনের পথ খুঁজে নেবে।

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ ১১ দলীয় জোটের বিভিন্ন নেতারা বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost