1. admin@channelgbangla.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

তুরস্কের স্বপ্নভঙ্গ, ১০ জন নিয়েই জয় পেল প্যারাগুয়ে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৩ বার পঠিত

ফিফা বিশ্বকাপে বাঁচা-মরার ম্যাচে নাটকীয় এক জয় তুলে নিয়েছে প্যারাগুয়ে। ১০ জনের দল নিয়েও তুরস্ককে ১-০ গোলে হারিয়ে টিকে থাকার আশা জিইয়ে রেখেছে লাতিন আমেরিকার দলটি। অন্যদিকে টানা দুই ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকেই বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেছে তুরস্কের।

ম্যাচের শুরুতেই চমক দেখায় প্যারাগুয়ে। খেলা শুরুর মাত্র ৬৪ সেকেন্ডের মাথায় গোল করে বসেন মাতিয়াস গালার্জা। বক্সের বাইরে থেকে নেওয়া তার দুর্দান্ত শট তুরস্কের গোলরক্ষক উগুরকান চেকিরকে পরাস্ত করে জালে জড়ায়।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপের চলতি আসরের দ্রুততম গোলের নতুন রেকর্ডও গড়েন গালার্জা। মাত্র কয়েক ঘণ্টা আগে মরক্কোর ইসমাইল সাইবারি যে রেকর্ড গড়েছিলেন, সেটি ভেঙে দেন প্যারাগুয়ের এই মিডফিল্ডার।

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় তুরস্ক। প্রথমার্ধেই ফ্রি-কিক থেকে মের্ত মুলদুরের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। ভাগ্য সহায় হলে তখনই ম্যাচে ফিরতে পারত ইউরোপের দলটি।

তবে ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে। একটি ফাউলকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডার মধ্যে প্যারাগুয়ের তারকা মিগেল আলমিরন মুখ ঢেকে প্রতিপক্ষকে কিছু বলেন।

ভিএআরের সাহায্যে ঘটনাটি পর্যালোচনা করে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান। চলতি বিশ্বকাপে নতুন নিয়ম অনুযায়ী মুখ ঢেকে প্রতিপক্ষকে কিছু বললে লাল কার্ড দেখানোর বিধান রয়েছে। সেই নিয়মে প্রথম বহিষ্কৃত খেলোয়াড়ের নাম এখন মিগেল আলমিরন।

একজন কম নিয়ে খেললেও প্যারাগুয়ে দারুণ শৃঙ্খলাবদ্ধ ফুটবল উপহার দেয়। দ্বিতীয়ার্ধে কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি তারা।

অন্যদিকে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগাতে ব্যর্থ হয় তুরস্ক। ম্যাচের শেষ মুহূর্তে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন মেরিহ দেমিরাল। কিন্তু তার হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে হতাশায় ভেঙে পড়েন এই ডিফেন্ডার।

শেষ পর্যন্ত ম্যাচের শুরুতে করা গালার্জার গোলটিই হয়ে থাকে ভাগ্য নির্ধারণী। ১০ জনের দল নিয়েও ১-০ গোলের মূল্যবান জয় তুলে নেয় প্যারাগুয়ে।

এই জয়ে নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখল প্যারাগুয়ে। আর টানা দ্বিতীয় পরাজয়ে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হলো তুরস্কের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost