ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়ার নাম না থাকাকে ‘জোক’ বা রসিকতা বলে মন্তব্য করেছেন সেভিয়া কোচ লুইস গার্সিয়া।
শনিবার রাতে লা লিগায় সেভিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে বার্সেলোনাকে ৩-১ গোলের জয় এনে দেন রাফিনিয়া। ম্যাচে বার্সেলোনার তিনটি গোলই করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
এর আগে মাঝ সপ্তাহে রেসিং সান্তান্দারের বিপক্ষেও হ্যাটট্রিক করেছিলেন তিনি। অর্থাৎ টানা দুই ম্যাচে তিনটি করে গোল করেছেন রাফিনিয়া। চলতি মৌসুমে লা লিগায় তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১২টি, আর সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১৪ গোল।
ম্যাচ শেষে রাফিনিয়ার ব্যালন ডি’অর মনোনয়ন না পাওয়া নিয়ে প্রশ্ন করা হলে সেভিয়া কোচ লুইস গার্সিয়া বলেন, রাফিনিয়ার নাম তালিকায় না থাকাটা একটি ‘জোক’। তার মতে, রাফিনিয়া একজন ম্যাচ উইনার এবং মাঠে সে সবকিছুই করতে পারে।
রাফিনিয়ার পারফরম্যান্সের প্রশংসা করেছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকও। তিনি বলেন, চলতি মৌসুমে রাফিনিয়া অসাধারণ খেলছেন এবং সেভিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে তার পারফরম্যান্স ছিল অবিশ্বাস্য।
এদিকে রাফিনিয়ার সঙ্গে চুক্তি নবায়নের বিষয়েও সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা। ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ডেকো জানিয়েছেন, ব্রাজিলিয়ান তারকার সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত নতুন চুক্তির বিষয়ে সমঝোতা হয়েছে।
Leave a Reply