ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ও রাতে সাভারের বক্তারপুর এবং আশুলিয়ার নিরিবিলি এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করছিল ডিবি (উত্তর)। ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই আরিফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সাভার থানাধীন বক্তারপুর এলাকায় অভিযান চালান। এ সময় হিরাতুন ওরফে ইনাতুন (৪৭) নামে এক নারীকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৩ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৯ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, একই দিন রাত ৮টা ৫০ মিনিটে এসআই শেখ মাসুদ আল মামুনের নেতৃত্বে ডিবির আরেকটি দল আশুলিয়া থানাধীন নিরিবিলি এলাকায় অভিযান চালায়। এ সময় মোঃ জাবেদ হোসেন (৪৫), মোঃ রবিন (৪১), মোঃ শামীম হোসেন ওরফে সুন্দরী শামীম (৩৬) এবং মোঃ ওবায়দুল রহমান (৪৪) নামে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ১০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার মোঃ শামীম হোসেন ওরফে সুন্দরী শামীমের বিরুদ্ধে মাদকসংক্রান্ত তিনটি ও অন্যান্য একটি মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। অপর গ্রেপ্তার মোঃ ওবায়দুল রহমানের বিরুদ্ধে একটি মাদক ও একটি দস্যুতার মামলাসহ মোট দুটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply