হাইতির বিপক্ষে একের পর এক আক্রমণ চালিয়ে অবশেষে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়েছে ব্রাজিল। ২০২৬ ফিফা বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচে ২৩তম মিনিটে ম্যাথিউস কুনহার গোলে এগিয়ে গেছে সেলেসাওরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল ব্রাজিল। গোলের জন্য মরিয়া হয়ে একের পর এক সুযোগ তৈরি করলেও বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছিল হাইতির রক্ষণভাগ এবং গোলরক্ষক জনি প্লাসিদে।
অবশেষে ২৩ মিনিটে ডি-বক্সের ভেতর ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে শট নেন ভিনিসিয়ুস জুনিয়র। তার শট প্রথমে ঠেকিয়ে দেন হাইতির গোলরক্ষক। ফিরতি বল ক্লিয়ার করতে গিয়ে বিপাকে পড়েন এক ডিফেন্ডার। ঠিক সেই মুহূর্তে ম্যাথিউস কুনহার পায়ে লেগে বল জড়িয়ে যায় জালে। তাতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এর আগে ১২তম মিনিটেই জালের দেখা পেয়েছিলেন রাফিনিয়া। তবে ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে সেই গোল বাতিল করেন রেফারি।
আর ২২তম মিনিটে গোল করার আরও সহজ সুযোগ পেয়েছিলেন বার্সেলোনা তারকা। ডান দিক থেকে থ্রু পাস পেয়ে একা গোলরক্ষকের সামনে চলে যান রাফিনিয়া। কিন্তু চিপ শট নিতে গিয়ে অবিশ্বাস্যভাবে ফাঁকা পোস্টের বাইরে বল পাঠিয়ে দেন তিনি।
মরক্কোর সঙ্গে প্রথম ম্যাচে ড্র করার পর আজকের ম্যাচে জয় খুবই গুরুত্বপূর্ণ ব্রাজিলের জন্য। আর কুনিয়ার গোল সেই লক্ষ্য পূরণের পথে সেলেসাওদের এগিয়ে রাখছে।
Leave a Reply