দর্শক, দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন করে ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস।
বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা বিশুদ্ধ স্বর্ণের দাম কমে যাওয়ায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ২১৬ টাকা। যা আগের দামের তুলনায় ২ হাজার ২১৬ টাকা কম।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১৩ হাজার ৪২ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
এর আগে বুধবার বাজুস স্বর্ণের দাম বড় পরিসরে কমিয়েছিল। তখন ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে ৫ হাজার ৪৮১ টাকা কমানো হয়। সেই হিসাবে দুই দফায় মাত্র এক দিনের ব্যবধানে স্বর্ণের দাম উল্লেখযোগ্য হারে কমলো।
বাজুস বলছে, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় পর্যায়ে বিশুদ্ধ স্বর্ণের মূল্য পরিবর্তনের কারণে নিয়মিত দাম সমন্বয় করা হচ্ছে। বাজার পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি বছরে এখন পর্যন্ত ৮১ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৪০ বার দাম বেড়েছে, ৪০ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক মূল্যহ্রাসে স্বর্ণ ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরতে পারে। বিশেষ করে বিয়ে, পারিবারিক অনুষ্ঠান কিংবা বিনিয়োগের জন্য স্বর্ণ কিনতে আগ্রহীদের জন্য এটি ইতিবাচক খবর।
তবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামা অব্যাহত থাকায় সামনের দিনগুলোতে আবারও দামে পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply