শরীয়তপুরের জাজিরায় সুপার সার্ভিস বাসের চাপায় গুরুতর আহত হকার রুহুল আমিন দেওয়ান (৭২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত রুহুল আমিন দেওয়ান জাজিরা পৌরসভার কবিরাজ কান্দি এলাকার মৃত মহর আলী দেওয়ানের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি হকারি করে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে নড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা শরীয়তপুর সুপার সার্ভিসের (ঢাকা মেট্রো-ব-১৫-৯০৭৮) একটি বাসে হকারি করে জাজিরা পুরাতন বাজার বাসস্ট্যান্ডে পৌঁছান রুহুল আমিন। বাস থেকে নামার সময় অসাবধানতাবশত বাসটির পেছনের চাকায় চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বাসটির চালক ও হেল্পার পালিয়ে যায়। তবে বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
Leave a Reply