মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হচ্ছে। এবার যুক্তরাষ্ট্রকে সহায়তা করা দেশগুলোর প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস, আইআরজিসি। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, যারা যুক্তরাষ্ট্র বা আক্রমণকারী শক্তিকে সহযোগিতা করবে, তারা নিজেদের অবস্থান পরিবর্তন না করলে কঠোর জবাবের মুখে পড়তে হবে।
মিডল ইস্ট আই–এর প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি স্পষ্টভাবে সতর্ক করেছে—আক্রমণকারী শক্তিকে সহায়তার যে কোনো প্রচেষ্টার পরিণতি হবে ‘ভয়াবহ’। একই সঙ্গে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণের দাবিও পুনর্ব্যক্ত করেছে ইরানের বিপ্লবী গার্ড। বিবৃতিতে বলা হয়, “হরমুজ প্রণালি ইরানের ভূখণ্ডের অংশ এবং আইআরজিসি নৌবাহিনীর সদস্যরা এর ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে।
হাজার হাজার কিলোমিটার দূর থেকে আসা কোনো বহিরাগতকে এখানে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।” আইআরজিসি আরও জানায়, যুক্তরাষ্ট্র যদি আঞ্চলিক নৌ চলাচলে হস্তক্ষেপ, হুমকি এবং সামরিক উপস্থিতি অব্যাহত রাখে, তাহলে হরমুজ প্রণালিকে স্বাভাবিকভাবে উন্মুক্ত রাখা হবে না। বিশ্লেষকদের মতে, বিশ্বে জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ নিয়ে নতুন করে এমন বক্তব্য আন্তর্জাতিক বাজার ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে আরও উদ্বেগ তৈরি করতে পারে।
Leave a Reply