উৎসবমুখর পরিবেশে শরীয়তপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। দুই দিনব্যাপী আয়োজনে ছিল আলোচনা সভা, কেক কাটা, বৃক্ষরোপণ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ। বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষক মিলনায়তন কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ফজলুল হক।
জেলা রিপোর্টার মো. কবির উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মো. এনামুল হক, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রদ্যুৎ কুমার, শরীয়তপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আমীন রবীন, বিটিভি প্রতিনিধি মফিজুর রহমান রিপন, এটিএন বাংলা প্রতিনিধি রোকনুজ্জামান পারভেজ, যুগান্তরের প্রতিনিধি রায়হান কবির সোহেল, সাপ্তাহিক শরীয়তপুরের নির্বাহী সম্পাদক মো. আমিনুল হক দুলালসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রায় ৪০ জন সাংবাদিক।
এর আগে নড়িয়া উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস। পরে উপজেলা পরিষদ চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৫টি ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
অন্যদিকে, শরীয়তপুর শহরের এসডিএস বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শিশু থেকে নবম শ্রেণি পর্যন্ত তিনটি বিভাগে ৪৫ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের তুলিতে ফুটে ওঠে মাছরাঙা পাখি, জুলাইয়ের শহীদদের স্মৃতি, স্মৃতিসৌধ, শহীদ মিনার এবং গ্রামবাংলার নানা দৃশ্য। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বাসসের জেলা প্রতিনিধি মো. মজিবুর রহমান, অধ্যক্ষ মো. রিপন হোসেন, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply