গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত ও বিক্রির অভিযোগে দুটি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সফিপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সফিপুর বাজারের রোজা মেডিসিন কর্নার ও সাগরিকা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত ও বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ফার্মেসি দুটির বিভিন্ন ধরনের ওষুধের মেয়াদ, সংরক্ষণব্যবস্থা ও বিক্রির বিষয় পরিদর্শন করা হয়। অভিযানে উভয় প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের বিষয়টি ধরা পড়ে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রোজা মেডিসিন কর্নারকে ২০ হাজার টাকা এবং সাগরিকা ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এতে প্রতিষ্ঠান দুটিকে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা।
অভিযানকালে তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। ওষুধের মান ও মেয়াদ নিশ্চিত না করে তা বিক্রি করা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে।
তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত বা বিক্রির প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
প্রশাসনের পক্ষ থেকে ফার্মেসি মালিকদের মেয়াদোত্তীর্ণ ওষুধ আলাদা করে অপসারণ, সঠিকভাবে ওষুধ সংরক্ষণ এবং বৈধ উৎস থেকে ওষুধ সংগ্রহের বিষয়ে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে বাজারে ওষুধ বিক্রিতে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
Leave a Reply