রাজধানীর গুলশান ও ঢাকা-১৭ এলাকার কড়াইল, সাততলা ও ভাষানটেক বস্তির বাসিন্দাদের জন্য আধুনিক আবাসন নির্মাণে চীনের কাছে ১০ হাজার কোটি টাকার প্রকল্প প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রস্তাবে প্রাথমিকভাবে সম্মতি জানিয়েছে চীন। পর্যায়ক্রমে বিনিয়োগের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এর আগে স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী জানান, প্রস্তাবিত প্রকল্পের আওতায় বর্তমানে কড়াইল, সাততলা ও ভাষানটেক বস্তিতে বসবাসকারী মানুষদের জন্য বিনামূল্যে আধুনিক আবাসনের ব্যবস্থা করা হবে। পর্যায়ক্রমে চীনের বিনিয়োগে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।
এদিকে বর্জ্য ব্যবস্থাপনাতেও বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে চীন। আমিনবাজারের ল্যান্ডফিলে জমা ময়লা-আবর্জনা ব্যবহার করে চীনের একটি কোম্পানি বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করছে।
প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী, আগামী দেড় বছরের মধ্যে এই প্রকল্প থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য রয়েছে। ২০২৮ সালের আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।
এ বিষয়ে আগামী ২ সেপ্টেম্বর চীনে বাংলাদেশ, চীন ও সংশ্লিষ্ট কোম্পানির মধ্যে ত্রিপক্ষীয় আনুষ্ঠানিক চুক্তি সই হওয়ার কথা রয়েছে।
Leave a Reply