দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদকে হারিয়ে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। বৃহস্পতিবার ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ।
ভোটগ্রহণ শেষে প্রকাশ্যে ভোট গণনা করা হয়। গণনা প্রক্রিয়া শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন।
রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। এর মধ্যে বৈধ ভোট পড়েছে ৩৪৩টি। অব্যবহৃত ছিল ৬টি ব্যালট। বিভিন্ন ত্রুটির কারণে আইনের মধ্যে থেকে চারটি ব্যালট রিপ্লেস করা হয়।
চূড়ান্ত ফলাফলে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। আর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
ফলাফল ঘোষণা করে সিইসি এ এম এম নাসির উদ্দিন দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেন।
ফলাফল ঘোষণার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিরোধীদলীয় নেতাসহ অন্যান্য সংসদ সদস্যরা একে একে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান।
ভোটগ্রহণের সময় সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দেন।
সংসদ সদস্যদের মধ্যে প্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্য সংসদ সদস্যরা ভোট দেন।
দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী থাকায় এই ভোটকে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হিসেবে দেখা হচ্ছে।
Leave a Reply