ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের আয়োজনে আস্ত খাসি না রাখাকে কেন্দ্র করে তর্কাতর্কির জেরে বিয়ে ভেঙে যাওয়ার ঘটনায় আলোচিত সেই বর জুনায়েদ মিয়া শেষ পর্যন্ত নতুন করে বিয়ে করেছেন।
মঙ্গলবার রাত ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নেয়ামতপুর গ্রামে নতুন কনের মামার বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নতুন কনের নাম জান্নাতুল ফেরদৌস আক্তার। তিনি আখাউড়া উপজেলার নূরপুর গ্রামের জাহের মিয়ার মেয়ে এবং কসবার সায়েদাবাদ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।
বরের ছোট ভাই পারভেজ রানা জানান, নতুন বিয়ের বিষয়ে কনেপক্ষই তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে। পরে উভয় পক্ষের আলোচনায় বিয়ের সিদ্ধান্ত হয়। ৬ লাখ টাকা দেনমোহরে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে।
এর আগে মঙ্গলবার দুপুরে আখাউড়ার তোলাতলা গ্রামের সফিকুল ইসলাম ভূঁইয়ার মেয়ে রাশেদা আক্তারের সঙ্গে জুনায়েদ মিয়ার বিয়ের আয়োজন ছিল। কনের বাড়িতে বরপক্ষ যাওয়ার পর খাবারের আয়োজনে বরের জন্য আস্ত খাসি না রাখাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে কনের পরিবার ওই বিয়ে না দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরে উপহারসামগ্রীসহ বরপক্ষকে বিদায় করে দেওয়া হয়।
ঘটনার পর রাতেই নতুন কনেকে বিয়ে করেন জুনায়েদ। বিয়ের পর নববধূ জান্নাতুল ফেরদৌসের সঙ্গে ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
জুনায়েদ তাঁর পোস্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা জানিয়ে নবদম্পতির সুখী ও শান্তিময় দাম্পত্য জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
এদিকে নতুন বিয়ের আয়োজনে বরের জন্য খাসিসহ খাবার রাখা হয়েছিল বলে একটি ভিডিওতে দেখা গেছে। বরসহ উপস্থিত অন্যরাও সেই খাবার গ্রহণ করেন।
Leave a Reply