চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার পর মো. এরশাদ উল্লাহ পাটোয়ারী নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত এরশাদ উল্লাহ পাটোয়ারী হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মধ্য মেনাপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত চাঁন বাক্স পাটোয়ারীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে বাড়ির পাশে থাকা পুকুরে গোসল করতে যান এরশাদ উল্লাহ পাটোয়ারী। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা পুকুরের আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে পরিবারের পক্ষ থেকে হাজীগঞ্জ ফায়ার স্টেশনে খবর দেওয়া হয়। খবর পেয়ে লিডার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে ফায়ার ফাইটার মোহাম্মদ তামজিদুল মিনা ও ফায়ার ফাইটার আনোয়ার হোসেন পারভেজ ঘটনাস্থলে পৌঁছান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুরে নেমে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পানির নিচ থেকে এরশাদ উল্লাহ পাটোয়ারীর মরদেহ উদ্ধার করা হয়।
পরে স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে কথা বলে মরদেহটি নিহতের বড় ভাই মো. শহিদ উল্লাহ পাটোয়ারী ও মো. অলিউল্লা পাটোয়ারীর কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিসের সদস্যরা। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply