শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের পশ্চিম চররোসুন্ধি গ্রামের প্রধান সড়ক কেটে শাখা সড়কে ব্রিজ নির্মাণের কাজ করতে গিয়ে চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ব্রিজ নির্মাণের জন্য প্রধান সড়কে কোনো ধরনের সাপোর্ট ছাড়াই গভীর গর্ত করে রাখা হয়। পরবর্তীতে পাকা সড়কের পুরো অংশ খালের মধ্যে চলে যায়।
এতে ওই সড়কে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি পথচারীদের হেঁটে চলাচলের পথও বন্ধ হয়ে গেছে। ফলে পশ্চিম চররোসুন্ধিসহ আশপাশের এলাকার হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
বিশেষ করে কৃষিপণ্য বাজারে নেওয়া এবং জরুরি প্রয়োজনে রোগী পরিবহনে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, গুরুত্বপূর্ণ এই সড়কটি বন্ধ থাকায় সুবচনী বাজার থেকে সূর্যমনি বাজার ও তুলাতলা বাজারের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয়রা দ্রুত সড়কটি সংস্কার করে যানবাহন ও পথচারী চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ব্রিজ নির্মাণকাজে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা। জনদুর্ভোগ নিরসনে বিষয়টি দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
Leave a Reply