সৌদি আরবে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৭ বাংলাদেশির মধ্যে ১০ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।
রোববার রাতে এ তথ্য জানিয়েছেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। শনাক্ত হওয়া ১০ জনের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দারা রয়েছেন।
নিহতদের মধ্যে রয়েছেন কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের গুফফার প্রামানিক এবং তার দুই ছেলে মহুন প্রামানিক ও সুমন প্রামানিক। এছাড়া জাননার ছেলে রুবেল হোসেন, ফজলুর ছেলে কলি প্রামানিক, সাহাগোলা ইউনিয়নের উদনপৈ গ্রামের ময়েন শেখের ছেলে ফরিদ শেখ, বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের মৃত বাদলের ছেলে সুমন, চঞ্চলের ছেলে হাসিবুল হাসান শুভ, মৃত রুহুলের ছেলে সুমন এবং পাচুপুর ইউনিয়নের পারকসুন্দা গ্রামের জলিলের পরিচয় শনাক্ত হয়েছে।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১২ জন নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। বাকি পাঁচজন নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
এদিকে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে নিহতদের জেলা ও পরিচয় সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য পেতে আরও সময় লাগতে পারে।
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, সৌদি আরবের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন বাংলাদেশি নিহত হওয়ার তথ্য তিনি পেয়েছেন। তবে নওগাঁসহ অন্যান্য জেলার কতজন নিহত হয়েছেন, সে বিষয়ে তখনও চূড়ান্ত তথ্য পাওয়া যায়নি।
নিহতদের পরিচয় শনাক্ত ও পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার পরই এ বিষয়ে নিশ্চিতভাবে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
Leave a Reply