মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্যাটেলাইটে ধারণ করা ছবিতে সৌদি আরবের পূর্বাঞ্চলের আবকাইক তেল প্রক্রিয়াকরণ স্থাপনায় আগুন ও ধোঁয়ার চিহ্ন দেখা গেছে।
পার্সটুডের বরাতে আরব জার্নাল জানায়, ‘সেন্টিনেল-২’ স্যাটেলাইটের বিশ্লেষণে স্থাপনাটির ভেতরে অগ্নিকাণ্ডজনিত ক্ষয়ক্ষতির ইঙ্গিত পাওয়া গেছে। প্রতিদিন প্রায় ৭০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণের সক্ষমতা থাকায় আবকাইক বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল স্থাপনা হিসেবে পরিচিত।
এর আগে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেন, একাধিক ড্রোনের মাধ্যমে সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে ইয়ানবু পর্যন্ত তেল সরবরাহ ও পরিবহন-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়েছে। তার ভাষ্য, ইয়েমেনের আকাশসীমায় সৌদি বাহিনীর ড্রোন অনুপ্রবেশের জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।
এদিকে ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সৌদি আরবকে সতর্ক করে বলেছে, অবরোধ অব্যাহত থাকলে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে। একই সঙ্গে অতীতের বিমান হামলার প্রসঙ্গ তুলে রিয়াদকে নতুন করে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
তবে আবকাইক স্থাপনায় হামলার ক্ষয়ক্ষতি বা অগ্নিকাণ্ডের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিস্তারিত বক্তব্য এখনো প্রকাশ করা হয়নি।
Leave a Reply