গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আকর্ষণীয় সম্পর্কের প্রলোভন দেখিয়ে ব্ল্যাকমেইল ও অর্থ আদায়ের অভিযোগে কথিত ‘হানিট্র্যাপ’ চক্রের দুই নারী, এক পুলিশ সদস্যসহ চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বিশ্বাসপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে শনিবার সকালে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে পরিচয় গড়ে তুলে নির্জন স্থানে ডেকে নিতেন। এরপর মারধর, জিম্মি এবং আপত্তিকর ছবি-ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের অর্থ আদায় করতেন।
পুলিশের তথ্য অনুযায়ী, সর্বশেষ সায়মন নামে এক যুবক ফেসবুকের মাধ্যমে পাপিয়া নামে এক নারীর সঙ্গে পরিচিত হন। পরে প্রেমের সম্পর্কের অভিনয় করে তাকে বিশ্বাসপাড়া এলাকার একটি ভবনে ডেকে নেওয়া হয়। সেখানে কক্ষে ঢোকার পর দরজা বন্ধ করে পাপিয়া ও তার স্বামী সজীব তাকে মারধর শুরু করেন বলে অভিযোগ।
একপর্যায়ে সায়মন বারান্দায় গিয়ে সাহায্যের জন্য চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। এ সময় পাপিয়ার স্বামী সজীব উল্টো ওই যুবকের বিরুদ্ধে তার স্ত্রীকে হেনস্তার অভিযোগ তোলেন। পরে ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই নারী ও দুই যুবককে আটক করে।
এ সময় সজীবের কাছ থেকে একটি পুলিশের হ্যান্ডকাফ ও একটি পুলিশি কটি উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন আপত্তিকর তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply