আইন অনুযায়ী প্রমাণিত বা কার্যকর নয় এমন তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ কিংবা দেনমোহরের ডিক্রির বাস্তবায়ন বন্ধ করা যাবে না বলে যুগান্তকারী রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত বলেছেন, নাবালক সন্তানের ভরণপোষণ মা-বাবার তালাক সংক্রান্ত বিরোধের ওপর নির্ভরশীল নয়; এটি শিশুর স্বাধীন ও স্বতন্ত্র আইনগত অধিকার।
সম্প্রতি বিচারপতি আবদুর রহমানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ের অনুলিপি বৃহস্পতিবার প্রকাশ্যে আসে।
রায়ে আদালত বলেন, কেবল নতুন একটি মামলা দায়ের করা হয়েছে—এমন অজুহাতে পূর্বে দেওয়া চূড়ান্ত ডিক্রির বাস্তবায়ন বন্ধ করা যাবে না। কোনো সক্ষম আদালত ডিক্রি স্থগিত না করা পর্যন্ত তা কার্যকর থাকবে এবং এক্সিকিউশন কোর্ট সেটি বাস্তবায়ন করতে বাধ্য।
হাইকোর্ট আরও বলেন, আইন অনুযায়ী প্রমাণিত নয় বা কার্যকর নয়—এমন তালাকের কোনো আইনগত কার্যকারিতা নেই। তাই এমন তালাকের অজুহাতে স্ত্রী বা সন্তানের ভরণপোষণ এবং দেনমোহর পরিশোধের দায় এড়ানো যাবে না।
রায়ে ফ্যামিলি কোর্টের একচ্ছত্র এখতিয়ার পুনর্ব্যক্ত করে আদালত বলেন, বিবাহ, তালাক, দেনমোহর, ভরণপোষণ ও বৈবাহিক অধিকারসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির একমাত্র এখতিয়ার ফ্যামিলি কোর্টের।
নাবালক সন্তানের অধিকার প্রসঙ্গে আদালত বলেন, সন্তানের ভরণপোষণ একটি স্বাধীন আইনগত অধিকার। মা-বাবার মধ্যে তালাক নিয়ে বিরোধ থাকলেও সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না এবং কোনো পিতা এ দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না।
চূড়ান্ত আদেশে হাইকোর্ট রুল খারিজ করে নিম্ন আদালতের আদেশ বহাল রাখেন। পাশাপাশি স্বামীকে দেনমোহরের বকেয়া এবং স্ত্রী ও নাবালক সন্তানের সব বকেয়া ভরণপোষণ পরিশোধের নির্দেশ দেন।
Leave a Reply