শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৭ বোতল ভারতীয় বিদেশি মদ, বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস এবং একটি ইজিবাইক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে কাউকে আটক করা সম্ভব না হলেও চোরাচালান চক্রের বিরুদ্ধে বিজিবির এই অভিযান সীমান্ত এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধীন কর্ণঝোড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩৭ বোতল ভারতীয় বিদেশি মদ, বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস এবং একটি ইজিবাইক জব্দ করা হয়। উদ্ধার করা বিদেশি মদ ও কসমেটিকস দীর্ঘদিন ধরে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশের অভ্যন্তরে পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে বিজিবি।
আরও পড়ুন,
জব্দ করা মালামালের বাজারমূল্য নির্ধারণের কাজ চলছে।বিজিবি আরও জানিয়েছে, উদ্ধার হওয়া সকল মালামাল আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কাস্টমস বা অন্যান্য কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত চোরাচালান চক্রকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। সীমান্ত এলাকায় মাদক, বিদেশি মদ, কসমেটিকসসহ বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে বিজিবির এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয়দের মতে, সীমান্ত এলাকায় বিজিবির ধারাবাহিক অভিযানের কারণে চোরাকারবারিদের তৎপরতা অনেকটাই কমে এসেছে। তবে এখনও সংঘবদ্ধ চক্র বিভিন্ন কৌশলে সীমান্ত দিয়ে অবৈধ পণ্য প্রবেশের চেষ্টা করছে। এসব চক্রের বিরুদ্ধে আরও কঠোর অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Leave a Reply