গাজীপুরের শ্রীপুরবাসীর জন্য একটি অত্যন্ত আশাব্যঞ্জক ও ইতিবাচক সংবাদ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার যে কার্যক্রম চলমান রয়েছে, তার অংশ হিসেবে আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্রীপুর, গাজীপুর পরিদর্শন করেন গাজীপুর গণপূর্ত বিভাগের ইঞ্জিনিয়ারসহ একটি পরিদর্শক দল।
১০১ শয্যায় উন্নীতকরণের লক্ষ্যে হাসপাতালের অবকাঠামো, বিদ্যমান সুযোগ-সুবিধা ও সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম হাসপাতালের বিভিন্ন বিভাগ ও অবকাঠামোগত বিষয় পরিদর্শক দলের নিকট উপস্থাপন করেন এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করে সর্বাত্মক সহযোগিতা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০১ শয্যায় উন্নীত হলে শ্রীপুরের সাধারণ মানুষ আরও উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন। রোগীদের জন্য বাড়বে শয্যা সংখ্যা, চিকিৎসা সুবিধা এবং স্বাস্থ্যসেবার সামগ্রিক সক্ষমতা। ফলে দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা সংকট অনেকাংশে লাঘব হবে বলে আশা করা যাচ্ছে।
সচেতন নাগরিক ফোরাম গাজীপুর শ্রীপুরবাসীর পক্ষ থেকে এই উদ্যোগকে স্বাগত জানায় এবং দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।
আমরা আশা করি, খুব শীঘ্রই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্রীপুর ১০১ শয্যায় উন্নীত হয়ে এ অঞ্চলের মানুষের জন্য আরও আধুনিক ও উন্নত স্বাস্থ্যসেবার দ্বার উন্মোচন করবে।
Leave a Reply