আগামী তিন মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশটা সবার। তাই পরিবার, সমাজ ও দেশকে সুস্থ রাখতে সবাইকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হতে হবে। প্রতিদিন অন্তত এক ঘণ্টা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে সময় দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানস্থল থেকে অনলাইনে দেশের বিভিন্ন জেলার স্কাউটস, বিএনসিসি, গার্লস গাইড, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের লাখ লাখ তরুণের সঙ্গে যুক্ত হন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, বাংলাদেশে বিপুলসংখ্যক তরুণ ও শিক্ষার্থী রয়েছে। এই বিশাল শক্তি দেশ পুনর্গঠনে একযোগে কাজ করলে পরিবর্তন সম্ভব।
ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি, ভাঙাচোরা পাত্র ও প্লাস্টিকসহ মশার বংশবিস্তারের স্থানগুলো নিয়মিত পরিষ্কার করার ওপর গুরুত্ব দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আগামী তিন মাসে ডেঙ্গু নিয়ন্ত্রণে শতভাগ সফলতা সম্ভব না হলেও অন্তত ৮০ শতাংশ সাফল্য অর্জনের আশা রয়েছে। রাস্তাঘাটে ময়লা না ফেলা এবং অন্যদেরও সচেতন করার আহ্বান জানান তিনি।
বক্তব্য শেষে ‘পরিচ্ছন্ন পরিবার, পরিচ্ছন্ন সমাজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ’ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তরুণদের শপথ পড়ান প্রধানমন্ত্রী।
Leave a Reply