গ্রিসের ক্রিট দ্বীপের কাছে দুটি নৌকা থেকে ৭৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। মঙ্গলবার দক্ষিণ ক্রিটের কালিলিমেনেস বন্দরের কাছে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়াদের মধ্যে অন্তত দুই নারী ও দুই শিশু রয়েছে। তাদের মধ্যে বাংলাদেশি নাগরিকের পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত সুদানের নাগরিকরাও রয়েছেন।
গ্রিসের কোস্টগার্ড জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের একটি ড্রোন সমুদ্রে দুটি নৌকার অবস্থান শনাক্ত করে। পরে সেখানে অভিযান চালিয়ে নৌকা দুটিতে থাকা অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করা হয়।
এর আগে গ্রিসের এএনএ নিউজ এজেন্সি ৮৫ জন উদ্ধারের খবর জানিয়েছিল। পরে কোস্টগার্ডের পক্ষ থেকে উদ্ধার হওয়া মানুষের সংখ্যা ৭৯ জন বলে নিশ্চিত করা হয়।
সাম্প্রতিক সময়ে ক্রিট ও এর কাছের গাভদোস দ্বীপ গ্রিসে আশ্রয়প্রার্থীদের প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হয়ে উঠেছে। লিবিয়ার উপকূল থেকে গাভদোস দ্বীপের দূরত্ব প্রায় ৩২০ কিলোমিটার।
গ্রিসের অভিবাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক বছরে দেশটিতে অভিবাসী আগমনের সংখ্যা প্রায় ৩১ শতাংশ কমেছে। আগের ১২ মাসে প্রায় ৬১ হাজার অভিবাসী গ্রিসে পৌঁছালেও পরবর্তী ১২ মাসে এই সংখ্যা নেমে এসেছে প্রায় ৪২ হাজারে।
ইউরোপে অনিয়মিত অভিবাসন ঠেকাতে সাম্প্রতিক সময়ে নীতি আরও কঠোর করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন লিবিয়ার মতো ট্রানজিট দেশগুলোর সঙ্গেও সহযোগিতা বাড়াচ্ছে।
এদিকে গ্রিসের অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিস অভিবাসীদের প্রবেশ ঠেকাতে কঠোর নীতির পক্ষে অবস্থান নিয়েছেন। অভিবাসীদের আবেদন প্রক্রিয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের বাইরে ‘রিটার্ন হাব’ স্থাপনের বিষয়েও জার্মানি ও অন্যান্য ইউরোপীয় দেশের সঙ্গে আলোচনা করছে গ্রিস।
Leave a Reply