শরীয়তপুরের জাজিরা উপজেলার চর জাজিরা এলাকার কবরস্থান থেকে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক তার চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে কোনো এক সময় কবরস্থান থেকে এসব তার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এলাকাবাসী জানান, রাতে কবর খননের সময় অন্ধকারে নানা ধরনের সমস্যায় পড়তে হতো। এ কারণে পুরো কবরস্থান আলোকিত করতে বৈদ্যুতিক সংযোগ ও বাতির ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তরা কবরস্থানের বৈদ্যুতিক তার খুলে নিয়ে গেছে।
চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা বলছেন, কবরস্থানও যদি চোরদের হাত থেকে নিরাপদ না থাকে, তাহলে এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা। স্থানীয় কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, মানুষের শেষ ঠিকানা কবরস্থান। সেখান থেকেও বৈদ্যুতিক তার চুরি করার মতো ঘটনা আগে তারা কখনো দেখেননি। এ ধরনের কাজ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
কেউ কেউ ধারণা করছেন, মাদকাসক্ত চোরেরা মাদকের টাকা জোগাড় করতে এ ধরনের চুরি করে থাকতে পারে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্তের মাধ্যমে বের করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ ঘটনায় স্থানীয়রা তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত চোরদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
Leave a Reply