বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন দেওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনে তাঁর সম্ভাব্য উত্তরসূরি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও কথিত জনমত জরিপ শুরু হয়েছে।
ফেসবুকে মির্জা ফখরুলের বড় মেয়ে অস্ট্রেলিয়াপ্রবাসী বিজ্ঞানী ড. শামারুহ মির্জা (সামা) এবং তাঁর ছোট ভাই, জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিনের নাম আলোচনায় এসেছে। তবে এ ধরনের আলোচনা এখনো দলীয় সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন মির্জা ফয়সল আমিন। তাঁর ভাষ্য, আসনটি এখনো শূন্য হয়নি। বুধবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফয়সল আমিন বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনো সংসদ সদস্য। রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার পর তিনি নির্বাচিত হলে শপথ ও গেজেট প্রকাশের মাধ্যমে সংসদীয় আসনটি শূন্য হবে। এরপরই দলীয়ভাবে প্রার্থী বাছাইয়ের বিষয়টি সামনে আসবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ও ড. শামারুহ মির্জার নাম আলোচনায় আসার বিষয়ে তিনি বলেন, সামা একজন স্বনামধন্য বিজ্ঞানী এবং বর্তমানে বিদেশে থাকেন। বাবার নির্বাচনের সময় দেশে এসে প্রচারণায় অংশ নিয়েছিলেন। ফলে কেউ তাঁকে প্রার্থী হিসেবে চাইতে পারেন। একইভাবে তিনি সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তাঁর নামও আসতে পারে। তবে পরিবারে এ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি।
মির্জা ফয়সল আমিন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের গুঞ্জনে সাধারণ ভোটাররা বিভ্রান্ত হচ্ছেন। ঠাকুরগাঁও-১ আসনে কে প্রার্থী হবেন, তা ফেসবুকের আলোচনা বা জনমত জরিপে নির্ধারিত হবে না। দলীয় চেয়ারম্যান ও নীতিনির্ধারকরাই আসনটি শূন্য হওয়ার পর সিদ্ধান্ত নেবেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, ড. শামারুহ মির্জা বর্তমানে অস্ট্রেলিয়াপ্রবাসী এবং রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত নন। তাঁর মতে, মির্জা ফয়সল আমিন দীর্ঘদিনের পরীক্ষিত রাজনীতিবিদ এবং দলীয় কার্যক্রমে সক্রিয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলই নেবে।
Leave a Reply