আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল,
অপহরণকৃত ভিকটিম ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারসহ সার্বিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় দ্বিতীয়বারের মতো শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন জাজিরা থানার ওসি মো. সালেহ্ আহাম্মদ।
বুধবার দুপুরে শরীয়তপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার রওনক জাহান তাকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা তুলে দেন। এ সময় শরীয়তপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য ও ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান পরিচালনা ও মাদক উদ্ধারে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা তামিলেও জাজিরা থানা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এছাড়া অপহরণকৃত ভিকটিম ও নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধারসহ থানার সার্বিক কার্যক্রমে দক্ষতার স্বাক্ষর রাখায় ওসি সালেহ আহাম্মদের এ অর্জন।
এসব কর্মকাণ্ডের সার্বিক মূল্যায়নে দ্বিতীয়বারের মতো তাকে শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করে সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা অর্জনের বিষয়ে ওসি মো. সালেহ্ আহাম্মদ বলেন, এই অর্জন শুধু তার একার নয়, জাজিরা থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত পরিশ্রম ও দায়িত্বশীলতার ফল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
Leave a Reply