বগুড়া সদরের এরুলিয়া এলাকার সিল্কিবান্ধায় যাত্রীবাহী বাসচাপায় ছয় দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিল্কিবান্ধা এলাকায় পৌঁছালে গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। পরে বাসটি কাজের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা দিনমজুরদের ওপর উঠে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন দিনমজুর নিহত হন। আহত হন আরও অন্তত ১৫ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ এবং বাসচালকের দায়-দায়িত্ব খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply