1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

শেষ ৭২ ঘণ্টায় যেভাবে পতন হলো শেখ হাসিনা সরকারের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১০ বার পঠিত

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন যে শেষ পর্যন্ত সরকার পতনের এক দফা আন্দোলনে রূপ নেবে, তা হয়তো অনেকেই কল্পনা করেননি। কিন্তু মাত্র ৭২ ঘণ্টার নাটকীয় ঘটনাপ্রবাহ বদলে দেয় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস। দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনের অবসান ঘটে ২০২৪ সালের ৫ আগস্ট।

২ আগস্ট রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারসহ দেশের বিভিন্ন স্থানে গণমিছিল হয়। সেদিনই আন্দোলনের সমন্বয়করা অভিযোগ করেন, তাদের ডিবি কার্যালয়ে নিয়ে চাপ দিয়ে কর্মসূচি প্রত্যাহারের ভিডিও ধারণ করা হয়েছিল। একই দিনে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি এবং ৪ আগস্ট থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। এদিকে সহিংসতায় শিশু নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ইউনিসেফ। সন্ধ্যায় গণভবনে ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের বিশাল সমাবেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকার পতনের এক দফা ঘোষণা দেয়। সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার শুধু পদত্যাগ নয়, তার বিচারও হতে হবে। একই সমাবেশে জাতীয় সরকারের দাবিও জানানো হয়। যদিও শেখ হাসিনা আলোচনার আহ্বান জানান, আন্দোলনের নেতারা তা প্রত্যাখ্যান করেন। এদিন থেকেই ৪ আগস্ট থেকে অনির্দিষ্টকালের অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়।

৪ আগস্ট অসহযোগ আন্দোলনের প্রথম দিনেই দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষে শতাধিক প্রাণহানির ঘটনা ঘটে। সরকার মোবাইলের ফোর-জি নেটওয়ার্ক বন্ধ করে দেয় এবং সন্ধ্যা থেকে সান্ধ্য আইন জারি করে। একই দিন শাহবাগের সমাবেশ থেকে প্রথমে ৬ আগস্ট নির্ধারিত ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি একদিন এগিয়ে ৫ আগস্ট করার ঘোষণা দেন আন্দোলনের নেতারা। দেশজুড়ে ছাত্র-জনতাকে ঢাকায় আসার আহ্বান জানানো হয়।

অবশেষে আসে ৫ আগস্ট। কারফিউ উপেক্ষা করে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ ঢাকামুখী হতে শুরু করেন। রাজধানীর বিভিন্ন প্রবেশপথে জনস্রোত নেমে আসে। সেনাবাহিনীর সদস্যরা অনেক এলাকায় বাধা না দেওয়ায় আন্দোলনকারীরা শাহবাগ ও গণভবনের দিকে অগ্রসর হন। একপর্যায়ে খবর ছড়িয়ে পড়ে, শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করেছেন।

বিকেলে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এরপর আন্দোলনকারীরা গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রবেশ করেন। একই রাতে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন।

কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া সেই আন্দোলন শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। মাত্র ৭২ ঘণ্টার ঘটনাপ্রবাহে ক্ষমতার পালাবদল ঘটে, যা দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost