জামালপুর সদর উপজেলার দিগপাইত বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২,৫০০ (আড়াই হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ ‘রিয়াদ মাদারগঞ্জ স্পেশাল’ বাসের এক চালককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, জামালপুরের একটি চৌকস আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই সফল অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত বাস চালকের নাম রিয়াদ। তিনি শেরপুর জেলার স্থায়ী বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে গণপরিবহন চালনার আড়ালে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।
অভিযান সূত্রে জানা যায়, দিগপাইত বাসস্ট্যান্ড এলাকায় যাত্রী ও পরিবহন তল্লাশিকালে রিয়াদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে চ্যালেঞ্জ করে আভিযানিক দলটি। পরবর্তীতে তার কাছ থেকে তল্লাশি চালিয়ে আড়াই হাজার পিস ইয়াবা জব্দ করা হয় এবং তাকে তাৎক্ষণিক আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে জামালপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে এই জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা
Leave a Reply