ইয়েমেনের হুতিদের চলমান হামলার কারণে সৌদি আরবের সামরিক সহায়তার প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
শনিবার তুরস্কের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সৌদি আরবের প্রয়োজন অনুযায়ী সামরিক ও কারিগরি সহায়তা দিতে প্রস্তুত রয়েছে তুরস্ক।
হাকান ফিদান বলেন, সৌদি আরবের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের ওপর গুরুতর হামলা হচ্ছে। তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির আওতায় তিন দেশ একে অপরের পাশে থাকার অঙ্গীকার করেছে। সৌদি আরব সামরিক সহায়তা চাইলে তুরস্ক তা দিতে প্রস্তুত বলেও জানান তিনি।
গত মাসে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে ‘মক্কা জয়েন্ট ডিফেন্স অ্যাগ্রিমেন্ট’ নামে পরিচিত প্রতিরক্ষা চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করার কথা রয়েছে।
এদিকে হুতিরা সৌদি রাজধানী রিয়াদের সংবেদনশীল স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে। হামলার কয়েক ঘণ্টা আগে রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছেও আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
তবে পাকিস্তান জানিয়েছে, হুতিদের হামলার জবাবে মক্কা চুক্তির আওতায় সামরিক পদক্ষেপ নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি।
হাকান ফিদান আরও বলেন, সৌদি আরবের যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে জড়িয়ে পড়ার কোনো ইচ্ছা নেই। সংকট নিরসনে বিভিন্ন পক্ষের কাছে নতুন কিছু প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply